
বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে মেডিকেল টেকনোলজিস্টদের ভুল বোঝাবুঝি প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (BACB) এর ব্যাখ্যা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (BACB) সবসময় স্বাস্থ্যসেবার প্রতিটি সদস্যের অবদানের প্রতি সম্মান পোষন করে ও শ্রদ্ধাশীল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেডিকেল টেকনোলজিস্টদের ছোট করে কোন কথা বলা হয়নি এবং বায়োকেমিস্টদের পক্ষ থেকে তাদের হেয় করার কোনো উদ্দেশ্য কখনো ছিল না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকবে না। বরং আমরা তাদেরকে ল্যাবরেটরি সেক্টরে গুরুত্বপুর্ন অংশ হিসাবে বিবেচনা করি। টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান কখনই এক কথা নয়। টেকনোলজিষ্টরা ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জ ন করে আজকাল অনেকে উচ্চ শিক্ষা অর্জন করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই। অন্যদিকে বাংলাদেশে যাদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা ডিপ্লোমা নেই, তবে তারা ডায়াগনস্টিক ল্যাবে কর্মরত আছেন, সাধারণত তাদের ‘টেকনিশিয়ান’ হিসেবে উল্লেখ করা হয়। কাজেই এ বিষয়ে কোন ভুল বোঝাবুঝির অবকাশ নাই। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রেই পেশাদারিত্ব, দক্ষতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সবাই একসঙ্গে কাজ করছে। চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্ট, বায়োকেমিস্ট, সংশ্লিষ্ট সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং এই সহযোগিতামূলক পরিবেশই স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করছে।
আমরা আশা করি, ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের সব পেশাদার ব্যক্তিরা একসঙ্গে কাজ করবে এবং পারস্পরিক
শ্রদ্ধাবোধ বজায় রেখে রোগীদের সর্বোত্তম সেবা প্রদান করবে।

