
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজি হেলথ)-এর পরিচালক কর্তৃক জারিকৃত জরুরি নির্দেশনা— “রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে অবশ্যই বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্রাজুয়েট হতে হবে”—এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিকাল বায়োকেমিস্ট।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসেইন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহামেদ। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সংগঠনের আইনজীবী ব্যারিস্টার রোকনুজ্জামান, সনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অনেকে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডিজি হেলথের জারিকৃত এই নির্দেশনা উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক, যা ক্লিনিকাল বায়োকেমিস্টদের দীর্ঘদিনের পেশাগত অবদান ও বৈধ দায়িত্বকে অগ্রাহ্য করছে। তারা অবিলম্বে নির্দেশনাটি প্রত্যাহার করে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে বাস্তবসম্মত ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন, এই ধরনের একতরফা সিদ্ধান্ত স্বাস্থ্যখাতের বিদ্যমান কাঠামোতে জটিলতা সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবন করবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিকাল বায়োকেমিস্ট-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
